ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে এক শিশুসহ ছয়জনের প্রাণহানি হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাত একটি শিশুও নিহত হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে আগুনের সূত্রপাত হয়। লিফটটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে ছিল এবং এর ভেতরে ময়লা-আবর্জনা জমে ছিল। একেবারে নোংরা অবস্থায় ছিলো।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদর স্টেশনের তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনে হাসপাতালের কী বা কতটুকু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
