কুমিল্লা: ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা! ডেঙ্গু, নিউমোনিয়া, হামের সাথে যুদ্ধ করছে সাধারণ মানুষ।
একজনের পর একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
বাড়ছে উদ্বেগ, বাড়ছে ঝুঁকি—আর প্রতিদিনই যেন বাড়ছে মৃত্যুর মিছিল।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ভোরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়।
সবচেয়ে করুণ ঘটনা হচ্ছে মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পৃথিবীর মুখ আর দেখা হলো না শিশুটির। তাঁর গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হন। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নূর জাহানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
