ঢাকা: ভারতের ত্রিপুরায় ৫ বাংলাদেশি নাগরিকের দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
ত্রিপুরার উনকোটি জেলার একটি আদালত ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং পাসপোর্ট আইন ও অভিবাসন ও বিদেশী আইন লঙ্ঘনের দুটি পৃথক মামলায় বুধবার এক দম্পতিসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, দণ্ডিত তিন ব্যক্তি—ইমরান হোসেন, আরমান হোসেন এবং মনির হোসেন বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা।
উনকোটি জেলার কৈলাশহরের পাইতুরবাজার মোটরস্ট্যান্ড থেকে দুই ভারতীয় দালালসহ এদেরকে আটক করা হয়।
ভারতের বিভিন্ন রাজ্যে বহু অবৈধ বাংলাদেশি রয়েছে, যাদের বিরুদ্ধে কড়া অভিযান চালাচ্ছে সে দেশের সরকার।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি ওই বাংলাদেশি নাগরিকরা ভারতীয় দালালদের সাহায্যে কৈলাশহরের ইরানি থানার অন্তর্গত রাঙ্গাউটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
আদালত তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের ওপর ১০,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।
তাদের অভিবাসন ও বিদেশী আইনের ২১/২৩ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতারন অন্যান্য প্রাসঙ্গিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
অন্য আরেকটি ঘটনায়, গত বছরের ১০ জুন কৈলাশহরের একটি নতুন নির্মিত ভবন থেকে এক নাবালক শিশুসহ এক দম্পতিকে আটক করে পুলিশ। তাদের নাম শিউলি বেগম ও শহীদ শেখ। তারা রংপুর জেলার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।
বিচার প্রক্রিয়া শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। এবং দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। তাদের আইপিপি আইনের ৩ নম্বর ধারা এবং বিদেশী আইনের ১৪(এ)(বি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
