কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কিন্তু আশ্চর্যের বিষয় এই ঘটনায় একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তে অভিযান দুটি পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
যেগুলো ইয়াবা উদ্ধার হয়েছে তার আনুমানিক মূল্য হবে ১৩ কোটি ২০ লাখ টাকা।
জানা গেছে, শুক্রবার রাত ২টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী লালুর মাছের ঘের এলাকায় অভিযান চালায়।
জানা যায়, এই সময় মিয়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের ভিতরে ঢুকতে দেখেন বিজিবি সদস্যরা।
বিজিবির উপস্থিতি টের পেয়েই ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা একটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে চলে যান।
পলিব্যাগটি তল্লাশি করে চারটি প্যাকেট থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এছাড়াও ভোরে ৩টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এই সময় মিয়ানমার থেকে চারজনকে বস্তা হাতে বাংলাদেশের ঢুকতে দেখা যায়।
এরাও বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৪০টি প্যাকেট থেকে ৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
