কুমিল্লা: কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জন আটক হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শুরু হওয়া এই অভিযান চলেছে রাত দেড়টা পর্যন্ত। আটকদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ছায়ায় বেড়ে ওঠা এক ভয়ংকর বাস্তবতা এই কিশোর গ্যাং।

এই কিশোর গ্যাং এখন বাংলাদেশের নগর জীবনের অন্যতম উদ্বেগের নাম। ছিনতাই, চাঁদাবাজি, মাদক, জমি দখল থেকে হত্যাকাণ্ড—অপরাধের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে।

এই সংকট কোনো ছোট সংকট নয়। ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু কিছু কিশোরের অপরাধপ্রবণতা হিসেবে একে দেখলে এর গভীর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা আড়ালে থেকে যায়।

আটক হওয়া ৬২৪ জনের আগের থেকে কোনো অপরাধে সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়।

কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য এ ধরনের অভিযান নিয়মিত চালানোর কথা জানায় জেলা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৭৫ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪৬, বুড়িচং থানায় ৫০, মনোহরগঞ্জ থানায় ৪১, দাউদকান্দি থানায় ৫৯ এবং লাকসাম থানায় ৩৫ জনকে আটক করা হয়েছে।

অন্য থানাগুলোতে আটক ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে।

এই কিশোর গ্যাংয়ের কয়েকজন থানাতেও উৎপাত চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানার একটি কক্ষে আটক রাখা কিশোরদের কয়েকজন চেয়ার-টেবিল ও দরজা ভেঙে বেরিয়ে আসে। পরে তাদের একটি অংশ থানার সামনে অবস্থান নেয়।

পুলিশি অভিযানে নেতৃত্ব দেওয়া সদস্যদের ভাষ্য, আটক সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।

তবে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছিল। তাদের স্বজনরা থানায় আসায় ভিড় তৈরি হয়।

রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, যাচাই-বাছাই শেষে বাকি ছয়জনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি হ্যান্ডমাইকে বক্তব্য দিয়ে থানার সামনে জড়ো হওয়া লোকজনকে শান্ত করার চেষ্টা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *