নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা ট্রলার ডুবির ঘটনা ঘটেছিলো। মর্মান্তিক এই ঘটনায় হাহাকার পড়ে যায়।
নিখোঁজের দুদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোন তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।
আজ, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের তিনজনের লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ে মায়াময়ী গ্রামে একটি বিয়েতে যাচ্ছিলেন হেলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা।
কিন্তু আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।ট্রলারে করে গরু, ছাগলসহ ১৩ যাত্রী নিয়ে তারা বৈদ্যার বাজারে আসার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়েন। ট্রলারটি উলটে পানিতে ডুবে যায়।
এ সময় কোনোরকমে ৮ জন সাতঁরে পাড়ে উঠেন। পরে রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং নিখোঁজ ছিলেন একই পরিবারের হেলাল, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন।
