চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে বয়লার বিস্ফোরণের পর একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় নাছির কেমিক্যাল কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।
তবে এই বয়লার বিস্ফোরণকে দুর্ঘটনা বলে মালিকের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
মালিকের গাফিলতির পাশাপাশি, শ্রম সেক্টরের বয়লার বিভাগের সাথে সম্পৃক্ত সরকারি দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার অলসতা এবং যথাযথ তদারকির অভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটছে।
বয়লার বিস্ফোরণ তো এমনি এমনি ঘটে না।
সেফটি ভাল্বের ত্রুটি- বয়লারে অতিরিক্ত চাপ কমাতে সেফটি ভাল্ব স্বয়ংক্রিয়ভাবে কাজ করার কথা। কিন্তু ভাল্বে ময়লা জমে বা যান্ত্রিক ত্রুটির কারণে তা না খুললে অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে।
এছাড়াও বয়লারের ট্যাঙ্কে পর্যাপ্ত পানি না থাকলে বা পানির প্রবাহ ঠিকমতো না থাকলে ভেতরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, যা ধাতব পাত্রকে দুর্বল করে বিস্ফোরণ ঘটায়।
অদক্ষ চালনা ও অবহেলা তো আছেই।
উক্ত অগ্নিকাণ্ডে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এদিকে, অগ্নিকাণ্ডের পর কারখানা কর্তৃপক্ষের কর্মকর্তাদের ঘটনাস্থলে দেখা যায়নি। ফলে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দ শোনা যায়।এর পরপরই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
