ব্রাহ্মণবাড়িয়া: শেখ হাসিনার জন্মদিন পালন করা হলো দেশে। তবে যেখানেই পুলিশ খবর পেয়েছে সেখানে হানা দিয়ে আস্ত কেক উঠিয়ে নিয়ে গেছে। কোথাও গ্রেপ্তার করা হয়েছে।
তাই হয়তো এক জায়গায় ওসির জন্য কেকটা রেখেই চলে গেলো সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনকারীরা। কেক জব্দ করার কী দরকার, তাই রেখেই গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশ্যে একটি ব্রিজের ওপর কেক রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা অবশ্য লুকিয়ে ছাপিয়ে করেনি কাজটা। নাম টাম লিখে রেখেই গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ফকিরেরপুল ব্রিজের ওপর লাল ফিতায় মোড়ানো কেকটি রেখে যাওয়া হয়। পরবর্তীতে ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
কেকের ওপর ও ভিডিওতে যা বলা হয়:
রেখে যাওয়া কেকটির ওপরে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি আঁকা ছিল। এর সঙ্গে লেখা ছিল—
‘শুভ জন্মদিন শেখ হাসিনা — ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য।’
ছড়িয়ে পড়া ভিডিওতে অজ্ঞাত এক ব্যক্তির কণ্ঠে বলতে শোনা যায়, পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা হিসেবে এই কেক পাঠানো হয়েছে।
ভিডিওতে সদর মডেল থানার ওসিকে অনুরোধ করা হয় কেকটি যেন তিনি সহকর্মী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে একসাথে খান। এছাড়া জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার দাবি করার পাশাপাশি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলেও ভিডিওতে দাবি করা হয়।
