গাজীপুর:গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার একটি বহুতল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
হঠাৎ করেই কারখানার ভেতরে আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও হুলস্থূল পরিবেশের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেওয়ায় কারখানার ভেতর ও আশপাশের শ্রমিক-কর্মচারীদের মধ্যে জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু হয়।
গাজীপুরের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানার ৮ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস মহা সমস্যায় পড়ে।
আগুন নিয়ন্ত্রণে গিয়ে পানির উৎস না থাকায় হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে কারখানার ভেতরে আটকে পড়া ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এখন পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে।
তিনি জানান, দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে।
কিন্তু আগুন বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কারখানার ভেতরে দাহ্য পদার্থ ও পোশাকের বিপুল পরিমাণ কাঁচামাল থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। চারপাশের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।
এই ঘটনায় আশপাশের ভবনগুলোর বাসিন্দারাও চরম আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
এখন পর্যন্ত আগুন কীভাবে লেগেছে, বা ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ।
