চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।
দীর্ঘমেয়াদি ইজারায় ছেড়ে দেওয়া হবে। যা নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। দুবাইভিত্তিক বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে আগামিকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর)।
মেয়াদ বৃদ্ধির সুবিধা রেখে কমপক্ষে ১৫ বছরের জন্য এনসিটি ইজারায় বা কনসেশনে পেতে যাচ্ছে ডিপি ওয়ার্ল্ড কোম্পানি। ১৫ বছর মানে এক যুগেরও বেশি।
সরকারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ অডিটোরিয়ামে ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকারের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই চুক্তিতে কি কি শর্ত থাকবে তার সবকিছুই গোপন রাখা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএস নিউমুরিং কনটেইনার টার্মিনাল, ইনক্লুডিং ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড’ শীর্ষক সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় এই চুক্তি করা হচ্ছে।
যদিও পুরো প্রক্রিয়া দীর্ঘদিন যাবৎ চলে আসছে গোপনীয়তার সাথে।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান এবং নৌ পরিবহন মন্ত্রীসহ মন্ত্রণালয়ের অতিউৎসাহী কয়েকজন শীর্ষ কর্মকর্তা চুক্তির প্রক্রিয়ায় তড়িঘড়ি অতি চতুরতার সাথে আয়োজন চালিয়ে আসছেন।
চুক্তি স্বাক্ষরের আগে চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে এবং জাতীয় সংসদে এখনো প্রকাশ করা হয়নি।
একটি বিষয় এখানে উল্লেখ করতে হয় যে, নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলে চট্টগ্রাম বন্দরের হাতে আর কোনো আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল থাকবে না।
