চট্টগ্রাম: প্রবল আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ১৫ বছর পরিচালনায় বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি হতে যাচ্ছে আজ, বৃহস্পতিবার ৮ অক্টোবর।

ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে বিকাল ৩টায় এনসিটির কনসেশন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত থাকবেন।

চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড ১৫ বছর টার্মিনালটি পরিচালনা করবে। ব্যবহারকারীদের কাছ থেকে মাশুলও আদায় করবে প্রতিষ্ঠানটি। বিনিময়ে বন্দর কর্তৃপক্ষকে এককালীন অর্থ ও কনটেইনারপ্রতি মাশুল দেবে। তবে চুক্তির কোনো তথ্য এখন অবধি প্রকাশ করেনি সরকার। সবকিছু হচ্ছে গোপনে।

উল্লেখযোগ্য যে, এর আগে ১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদন করার কথা বলা হয়। তবে সে বিজ্ঞপ্তিতে ডিপি ওয়ার্ল্ডের নাম ছিল না।

এদিকে চুক্তি স্বাক্ষর হবে এই খবরের পরেই বুধবার সন্ধ্যায় বন্দর এলাকায় মশাল মিছিল করে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

একে ‘কালো চুক্তি’ আখ্যা দিয়ে এর বিরোধিতায় বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রামে বন্দর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে তারা।

সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বন্দরের শ্রমিক নেতারা।

বন্দর রক্ষা কমিটি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই চুক্তি স্বাক্ষরের তীব্র নিন্দা জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *