ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে সন্দেহভাজন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৯ জন।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ জন মারা গিয়েছেন।
তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের।
আর গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ লাখ দুই হাজার ৮৯৩ জনে।
এবং নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ১৯৭ জন।
