ঢাকা: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৮০ জনের শরীরে। এ ছাড়াও বলা হয় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরো ৯৩ জন।

আজ, রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন এবং রংপুরে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে।

এবং দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা হলো ২২ হাজার ৪২১ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *