ঢাকা: চারদিকে খুশির হাওয়া। আজ ষষ্ঠীপূজা দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত হয়ে উঠেছে প্রাঙ্গণ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শুক্রবার, ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মন্দিরে মন্দিরে ঢাক, শঙ্খ, ঘণ্টার মধুর ধ্বনি। পবিত্র মন্ত্র পাঠ এবং নারী ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানী ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ।
শারদীয় দুর্গোৎসবের প্রথম প্রভাতে জাতীয় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে দেবী ষষ্ঠীর আরাধনার মাধ্যমে শুভ সূচনা হয়েছে দুর্গা উৎসবের। পুরোহিতের সুনির্দিষ্ট সংকল্প এবং মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই শুরু হয় সকালের ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার আনুষ্ঠানিকতা।
কৈলাস থেকে দেবী দুর্গাকে মর্ত্যে আমন্ত্রণের মধ্য দিয়েই মূলত এই উৎসবের সূচনা ঘটে।.
শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে স্থাপিত বেলতলায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয় বিল্ববৃক্ষ বা বেলগাছ পূজার মূল আচার।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার মর্ত্যে আগমন ও জাগরণের সূচনা ঘটে বেলবৃক্ষে দেবীর আবাহনের মাধ্যমে।
এ বছর দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটেছে ঘোড়ায় (ঘোটকে) চড়ে এবং তিনি বিদায় নেবেন নৌকায় চড়ে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার দেশে ৩৩ হাজার ৮৫১টি দুর্গাপূজা হচ্ছে।
গত বছর ৩২ হাজার ৩৫১টি দুর্গাপূজা হয়েছিল। এদিকে, ঢাকা মহানগরে এবার ২৫৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ২৬১টি পূজার আয়োজন করা হয়েছিল। অর্থাৎ পূজা সংখ্যা কম।
এবার মহাসপ্তমী দুই দিন। আগামীকাল শনিবার এবং পরদিন রবিবার মহাসপ্তমী। সোমবার মহা অষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমী ও দেবী বিসর্জন।
বিজয়া দশমীর দিন বেলা তিনটায় হবে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা।
