নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে। তারেক রহমানের শাসনব্যবস্থায় খুনীরা মাথায় উঠে নাচছে, যেমন নেচেছিলো ইউনূসের আমলে।

সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।

এইচআরএসএস মনে করে, একজন সাংবাদিকের ওপর ধারাবাহিক হামলা এবং পরিণতিতে হত্যাকাণ্ডের ঘটনা শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা, জননিরাপত্তা, আইনের শাসন এবং গণতান্ত্রিক জবাবদিহির ওপর গুরুতর আঘাত।

বিশেষ করে, পূর্ববর্তী হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ বা নিরাপত্তার আবেদন করা হয়ে থাকলে, সে বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি।

সম্ভাব্য হুমকির তথ্য কর্তৃপক্ষের জানা থাকা সত্ত্বেও যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনতে হবে।

এইচআরএসএসের বেশ কয়েকটি দাবি:

১. সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও পেশাদার তদন্ত নিশ্চিত করতে হবে এবং হত্যার উদ্দেশ্য, পরিকল্পনা ও সম্ভাব্য নির্দেশদাতা বা পৃষ্ঠপোষকদের শনাক্ত করতে হবে।

২. নিহত সাংবাদিকের পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা, আইনি সহায়তা, মানসিক সহায়তা এবং প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তা দিতে হবে।

৩. সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা শহর ও দুর্গাপুরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

আজ, শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে এবং সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার প্রেসক্লাব মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *