ঢাকা: ভয়াবহ অঘটন ঘটে গিয়েছে। ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আচমকা বিপদ ঘটে যায়।
হঠাৎ করেই দরজা খুলে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে নিয়ে যাওয়া হয় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তাঁর সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁরা প্রত্যেকেই ভারতীয়।
তালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড।
উড়োজাহাজটির মডেল হচ্ছে সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছিল।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন বলছেন, “পরে এটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় অবতরণের অনুমতি চায়। অবতরণের পর এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকা রোগীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”
এয়ার অ্যাম্বুলেন্সটিতে দুজন ক্রু, একজন রোগী, একজন ডাক্তার, একজন প্যারামেডিকস ও রোগীর দুজন অ্যাটেনডেন্ট ছিলেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
১২ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় এটির কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় (কেবিন প্রেসারাইজেশন) হঠাৎ ত্রুটি দেখা দেয়।
আর এর ফলে উড়োজাহাজের প্রধান দরজাটি ক্ষতিগ্রস্ত হয়ে খুলে যায়। অঘটনটি ঘটে যায় চোখের নিমেষে।
তবে উড়োজাহাজে থাকা সব ক্রু এবং অন্যান্যরা নিরাপদেই আছেন।
