ঢাকা: সোমবার ভারতের আসামের লামডিং রেলওয়ে স্টেশনে গুয়াহাটি-সাইরাং এক্সপ্রেসে অভিযান চালিয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
আটককৃতদের পরিচয় পাওয়া গেছে—বিলাল হোসেন, আমির আলী ও হাসান মিয়া। তারা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
১৫৬০৯ নম্বর গুয়াহাটি-সাইরাং এক্সপ্রেসে ভ্রমণের সময় তাঁদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানে তাঁরা ভারতে অবৈধভাবে ঢুকেছিলো। প্রায় তিন মাস আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বাংলাদেশের ওই তিন ব্যক্তি।
রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জিজ্ঞাসাবাদের মুখে ধৃতরা জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার জন্য এক দালালকে মাথাপিছু ১৫ হাজার টাকা দিয়েছিলেন তাঁরা।
ভারতে ঢোকার পর তাঁরা প্রথমে উত্তরপ্রদেশে যান। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সেখান থেকেই ভারতের উত্তর-পূর্বের উদ্দেশ্যে রওনা হয়ে আসামের লামডিং স্টেশনে আরপিএফ-এর জালে ধরা পড়েন তাঁরা।
ভারতের বিভিন্ন রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারি চলছে। তাঁদের কাছে কোনো বৈধ কাগজ নেই। কখনো কখনো ভারতে গিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে এইসব বাংলাদেশিরা। ফলে ভারত সরকার এই বিষয়ে আরো সতর্ক অবস্থানে।
তিনজনের উদ্দেশ্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে তদন্ত করছে রেল পুলিশ।
এই বিষয়ে আরপিএফ-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃত তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনি পদক্ষেপ এবং এই অবৈধ অনুপ্রবেশ চক্রের পেছনে কোনও সংগঠিত নেটওয়ার্ক বা স্থানীয় দালাল যুক্ত রয়েছে কিনা, তা বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
