কুমিল্লা: কুমিল্লার লাকসামে ঢাকা অভিমুখী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। যদিও প্রায় ৫ টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আপলাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, নাওটি স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইন থেকে পড়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রেন ও ইঞ্জিন উদ্ধারের জন্য ইতিমধ্যে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শেষ না করা পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এই দুর্ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনের শত শত যাত্রী।
