কক্সবাজার: কক্সবাজারে ঘটে গেলো আরেক বিপত্তি । হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ আর প্রবল স্রোতে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নেমেছিলো।
এই সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে কয়েকজন পর্যটক একেবারে ভেসে যান। তাদের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে আসেন।
স্থানীয়দের সাহায্যে কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, এখনো দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
