ময়মনসিংহ: মর্মান্তিক ঘটনা ঘটলো ময়মনসিংহে। বিজয়া দশমীর দিন ভক্তদের মনে বিষাদ ছড়িয়ে থাকে, এর মধ্যেই এলো মৃত্যুর খবর।

ময়মনসিংহের গৌরীপুরে বিজয়া দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময় ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সঞ্জীব কুমার চৌহান (৪৮) নামে এক ব্যক্তি।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় ‘ঝলক’ পূজা মণ্ডপের সামনে এই করুণ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জীব মাস্টারপাড়া এলাকার শ্যামলাল চৌহানের ছেলে।

সঞ্জীব নিজেই পেশায় ইলেকট্রিক মেকানিক। পৌর শহরের কালিপুর মোড়ে একটি দোকান রয়েছে তাঁর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন সংসারে। এই ঘটনায় শোকের ছায়া পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও পূজা কমিটি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝলক পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য অনন্ত সাগরে নেওয়ার প্রস্তুতি চলছিল। প্রথমে ছোট দুটি প্রতিমা বের করার পর মূল দুর্গা প্রতিমাটি নেওয়ার সময় রাস্তার বৈদ্যুতিক তার বাঁশ দিয়ে উঁচু করা হয়। প্রতিমা পার হওয়ার পর তারটি আবার নিচে ঝুলে পড়ে।

এ সময় পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সঞ্জীব তারটি পাশের একটি গাছে তুলে দেওয়ার চেষ্টা করেন।

অসাবধানতাবশত তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানে থাকা লোকজন দ্রুত শুকনো বাঁশের সাহায্যে তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই সঞ্জীবের মৃত্যু হয়েছে।

সঞ্জীবের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও পূজা মণ্ডপের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *