ঢাকা: আজ রাতে দেখা যেতে পারে মহাজাগতিক বিস্ময়। মহাজাগতিক বিস্ময় বলা হয় উল্কাপাতকে।

প্রতিবছর অক্টোবর মাসে পৃথিবী যখন বিখ্যাত হ্যালিস কমেট বা ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা ও অবশিষ্টাংশের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন এই চমৎকার উল্কাবৃষ্টি দেখা যায়।

অক্টোবরের শেষ পাক্ষিকের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে ওরিওনিড উল্কাবৃষ্টি। বাংলাদেশের আকাশ থেকেও আজ দেখা যাবে এই উল্কাপাত।

আজ ২১ অক্টোবর এবং আগামিকাল ২২ অক্টোবর রাতের দিকে এই উল্কাবৃষ্টির চরম সময়। রাতের আকাশে চোখ রাখলেই দেখা যেতে পারে মহাজাগতিক আলোর ঝলকানি।

আকাশ পরিষ্কার থাকলে ঘণ্টায় ১০ থেকে ২০টি পর্যন্ত উল্কা দেখার সম্ভাবনা রয়েছে।

ওরিয়ন নক্ষত্রমণ্ডলের দিক থেকে উল্কাগুলো ছুটে আসছে বলে মনে হয়, আর সেখান থেকেই এর নামকরণ ওরিওনিড উল্কাবৃষ্টি।

বিশেষজ্ঞদের মতে, ২১ অক্টোবর মধ্যরাতের পর থেকে ২২ অক্টোবর ভোর পর্যন্ত উল্কাবৃষ্টি দেখার ভালো সুযোগ থাকতে পারে।

যদিও এই বছর উজ্জ্বল চাঁদের আলো উল্কা দেখার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। চাঁদের প্রায় ৭৪ শতাংশ আলোকিত থাকার জন্য ম্লান উল্কাগুলো চোখে নাও পড়তে পারে। অন্ধকারে ভালো দেখা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *