ঢাকা: প্রবেশ করা যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে।
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার পর আজ বৃহস্পতিবার দুপুর থেকেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ এ নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
ওয়েবসাইটটি কখন চালু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি মুখপাত্র।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সময় একটি বিজ্ঞপ্তি দেখা যায়। এতে লেখা ছিল, ওয়েবসাইটের সেবা রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে। বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলছে। শিগগিরই আমরা আবার অনলাইনে ফিরব। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।
ব্যাংকটির মূল ওয়েবসাইটে প্রবেশ করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়।
নিচে বলা হয়েছে, ‘Our service is currently undergoing scheduled maintenance. We will be back online shortly. Thank you for your patience. Bangladesh Bank.’
উল্লেখযোগ্য যে, হ্যাকারদের হামলা ঠেকাতে বুধবার নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক ও ফিনল্যান্ডের বিভিন্ন সংস্থা তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ এবং জাপানের নোমুরা ও মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপের মতো প্রতিষ্ঠানও সেবা স্থগিত করে।
ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, এসব নিরাপত্তাত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকিংয়ের চেষ্টা কয়েক হাজার থেকে বেড়ে কয়েক লাখে পৌঁছেছে।
