কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের প্রাণহানির সাত দিনের মধ্যে এবার শহরের সুগন্ধা পয়েন্টের তারকা হোটেল দ্য সি প্রিন্সেসে আগুন লেগেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হোটেলের নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় হোটেলের শতাধিক কক্ষে ছিলেন প্রায় ৩০০ পর্যটক। আগুনের খবর পেয়েই আতঙ্কে প্রাণ বাঁচাতে দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সমুদ্রসৈকতে আশ্রয় নেন তাঁরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে হোটেলের নিচতলার পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধারণা করা হচ্ছে জেনারেটরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
