ঢাকা: প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেইন পদক পেলেন ভারতীয় বিজ্ঞানী অশোক সেন।
অতীতে এই পদক পেয়েছেন স্টিফেন হকিং ও পিটার হিগসের মতো বিজ্ঞানী।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল সায়েন্সেস-এর অধিকর্তা রাজেশ গোপকুমার জানিয়েছেন, অতীতে যাঁরা এই পদক পেয়েছেন, তাঁদের তালিকাই এই সম্মানের গুরুত্ব বুঝিয়ে দেয়।
সারা বিশ্বের পদার্থবিদদের মধ্যে অশোক সেনের অবস্থানের যথাযথ স্বীকৃতি এই পুরস্কার।
বর্তমানে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের (টিআইএফআর) অধীন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল সায়েন্সেস-এ কর্মরত রয়েছেন অশোক সেন।
উল্লেখযোগ্য যে, ব্ল্যাক হোলের রহস্য থেকে মহাবিশ্বের গঠন— আধুনিক পদার্থবিদ্যার জগতে এধরনের বহু জটিল প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। সেই গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেই বিশ্ব জুড়ে পরিচিতি পেলেন ভারতের কলকাতার অশোক সেন।
২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেলে সম্মানিত হয়ে দেশকে গর্বিত করলেন এই ভারতীয় বাঙালি।
এই প্রথম কোনও ভারতীয় পদার্থবিদের হাতে উঠল এই সম্মান।
১৯৫৬ সালের ১৫ জুলাই কলকাতায় জন্ম অশোক সেনের। তাঁর বাবা অনিল কুমার সেন ছিলেন স্কটিশ চার্চ কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। জন্মই হয়েছে শৈক্ষিক পরিবেশে।
জানা গেছে, কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যাপীঠে স্কুলের পড়াশোনা শেষ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন।
১৯৭৫ সালে স্নাতক হওয়ার পর আইআইটি কানপুর থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপরে আমেরিকার স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন।
উল্লেখ করা জরুরি যে, অশোক সেনের গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র হচ্ছে স্ট্রিং থিওরি।
অশোক সেন এর আগেও বহু সম্মান পেয়েছেন।
পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, ইনফোসিস পুরস্কার এবং ডিরাক মেডেলের মতো সম্মান।
সুইডিশ পদার্থবিদ অস্কার ক্লেইনের নামে এই পদক দেওয়া হয়।
