ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান আর নেই।
তাঁর মৃত্যুতে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
তাঁর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সমাজসচেতন ব্যক্তিত্বকে হারাল।
মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবাদিকতা ও জনসেবায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
জানা গিয়েছে, শনিবার ২৪ অক্টোবর দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বনানীতে নিজের বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত করেন মুহম্মদ শফিকুর রহমান। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন শফিকুর রহমান। ১৯৬৫ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যোগ দেন তিনি।
এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এই মহান বীর মুক্তিযোদ্ধা।
তিনি শুধু একজন প্রথিতযশা প্রবীণ সাংবাদিক ছিলেন শুধু তাই নয়, পঁচাত্তর পরবর্তী ঝঞ্ঝাবিক্ষুব্ধ প্রতিকূল সময়ে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের এক আপোষহীন সংগ্রামী অনন্য ব্যক্তিত্ব ছিলেন।
তিনি জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহকর্মী, সহপাঠী,বন্ধু ছিলেন।
রাজনীতিতে সক্রিয় শফিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন।
