গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিভৎস ঘটনা। শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তেঘরিয়া কালী মন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শেফালীর সিয়াম মিয়া (১৯) নামে একটি ছেলে রয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার জানান, শেফালী ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে ছেলের বউ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
শনিবার ফিরে এসে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তিনি প্রতিবেশীদের জানান। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করেন।
কে বা কারা তাঁকে হত্যা করেছে? নাকি আসল ঘটনা কী? এখনো কোনো তথ্য দেয়নি পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
