খাগড়াছড়ি: মানুষের শান্তি নেই। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে।
উত্তপ্ত খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাট, এবং সেনাবাহিনীর হামলার ঘটনার অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
এর মধ্যেই গতকাল শনিবার ২৪ অক্টোবর সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় অস্ত্র হাতে একদল লোকের মহড়ার দৃশ্য দেখা গিয়েছে। সেনাবাহিনীর ড্রোনে নাকি সেটা ধরা পড়েছে।
শনিবার সকাল থেকে সাজেকে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা অবরোধের সমর্থনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। অবরোধের ফলে দুপুর পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।
যদিও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
অন্যদিকে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, মাচালং ১৪ কিলোমিটার ও মারিশ্যা ১১ কিলোমিটারসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
দীঘিনালা-সাজেক সড়কের উজোবাজার এলাকায় থমথমে পরিস্থিতি হয়ে আছে। দেখা যায়, শনিবারেও সেখানকার কোনো দোকানপাট খোলেনি। সড়কে পুলিশ ও সেনাবাহিনীর টহল আছে তবে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের চলাচলের ওপর জেলা প্রশাসনের বিধিনিষেধও বহাল রয়েছে।
