চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন।
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিয়ে দেয় দ্রুতগতির একটি লরি। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা রয়েল গেইট এলাকায় এতবড় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে যান্ত্রিক কিছু ত্রুটি দেখা দেয়, ফলে বাসটি থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে মহাসড়কের পাশে অবস্থান করছিলেন।
আর তখনই দ্রুতগতির একটি লরি তাদের একবারে চাপা দেয়।
নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের একজন নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়ানো ছিল।
গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়।
ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৩ জন এবং হাসপাতালে আনলে আরও ২ জনের মৃত্যু হয়।
