ঢাকা: ঘূর্ণিঝড়ের নাম অর্ণব। প্রবল ঝড়, মুষলধারে বৃষ্টি সাথে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।
ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র প্রভাবে বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা। বুধবার ভোরে ইয়ানামের কাছে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে মারাত্মক এই ঘূর্ণিঝড়।
জানা গিয়েছে, এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল। এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
