ঢাকা: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার হওয়া তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ, শনিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়।
পুলিশ অবশ্য সাতদিনের রিমান্ড আবেদন করেছিলো।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন আদালতে আবেদন করেন।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের মৃত্যুতে তাঁর বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।
