ঢাকা: রণক্ষেত্র হয়ে উঠেছে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সোমবার (২ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় বিক্ষোভে নামেন তৈরি পোশাক শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদ আহত হয়েছেন। এদিকে সহিংস আন্দোলনে বেলা সোয়া ১১টার দিকে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে।
আজ সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের কারণে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা প্রথমে অনন্ত গ্রুপের কারখানা এবং পরে হা-মীম গ্রুপের কারখানার সামনে জড়ো হন।
বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তীব্র উত্তেজনা তৈরি হয়। তারপর ধীরে ধীরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি বিবেচনায় অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
