চট্টগ্রাম: চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এই মহড়া চলবে আগামি ২৫ নভেম্বর পর্যন্ত।
বলা হয়, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে নাকি এই মহড়া।
এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাসেবাবিষয়ক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
উক্ত বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি এবং সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার করা এবং যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অভিন্ন কৌশল গড়ে তোলাই এই মহড়ার মূল লক্ষ্য।
মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গার্ডিয়ান শার্ক’ মহড়া আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন।
