ঢাকা: দেশে ক্রমাগত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল, বিএনপি সরকার চালাতে অক্ষম, তাছাড়াও তাদেরকেই নাস্তানাবুদ করে ছাড়ছে জামাত শিবির।
এবার রাজধানীর পল্লবীতে এক কুরিয়ার সার্ভিস অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ভয়াবহ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া ককটেল বিস্ফোরণে ওই প্রতিষ্ঠানের এক কর্মচারী অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে অবস্থিত ‘এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’-এর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
স্থানটির সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের চিত্র ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় প্রথমে কুরিয়ার সার্ভিসের সামনে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। তার ঠিক কিছুক্ষণ পরেই দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে।
ভয়াবহ দ্বিতীয় বিস্ফোরণের সাথে সাথে সেখানে কর্মরত শ্রমিকের গায়ে আগুন লেগে যায়। তিনি গুরুতর আহত হন।
দেখা যায়, বিস্ফোরণ ঘটিয়েই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বিস্ফোরণে আহত হয়েছেন রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেন।
সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
