ঢাকা: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু ঘটনায় করা হত্যা মামলায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবারও তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।
এর আগে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও হত্যাকাণ্ডের বিষয়ে বহু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন বলে জানা গেছে। একথাই রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
দীপের চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় দীপকে আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৩টার দিকে তিনি তাহসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে যান। পরে তাহসিফ, দীপ ও মামলার আরেক সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশা (১৯) বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। একপর্যায়ে দিশা বাড়ি ফিরে যান।
গত ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাছের বস্তি এলাকায় পৌঁছান। সেখান থেকে বাজার বস্তির ভেতর দিয়ে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠের দিকে যাওয়ার সময় কয়েকজন লোককে দেখে তারা আলাদা হয়ে যান।
এতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে দীপ মামলার ঘটনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে সেগুলো তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার আগে তাহসিফের সঙ্গে দীপ ও দিশাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা এবং রেস্তোরাঁয় খাবার খেতে দেখা গেছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও দিশার সঙ্গে দেখা গেছে। দীপকে সঙ্গে নিয়ে সংগ্রহ করা বিভিন্ন সিসিটিভি ফুটেজ যাচাই ও বিশ্লেষণ করা প্রয়োজন।
এ ছাড়া, তাহসিফের সঙ্গে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানের সময় দীপ ১৫ থেকে ২০ মিনিটের জন্য অন্যত্র গিয়ে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেটাও খতিয়ে দেখা দরকার।
