চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে বিক্রি হবে। বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।
এইসমস্ত কনটেইনারে রয়েছে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল এবং ৭৮ হাজার ৩০০ কেজি তাজা আদা।
সব মিলিয়ে ১ লাখ ২৫ হাজার ৭৪০ কেজি বা প্রায় ১২৬ টন পণ্য নিলামে তোলা হচ্ছে।
এসব পণ্যের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজ ই-প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি জারি করেন।
নিলামে অংশ নিতে ৪ নভেম্বর সকাল ৯টা থেকে ৯ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দরপত্র দাখিল করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অর্থাৎ যেটা গতকাল শেষ হয়েছে।
নিলাম বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দুটি ৪০ ফুট কনটেইনারে রয়েছে ২৩ হাজার ৭২০ কেজি করে মোট ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল। প্রতিটি চালানের সংরক্ষিত মূল্য ৪৬ লাখ ৪১ হাজার ৬১৯ টাকা ২১ পয়সা।
দুই চালানের মোট সংরক্ষিত মূল্য ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা ৪২ পয়সা।
এবং তিনটি ৪০ ফুট কনটেইনারে রয়েছে তাজা আদা। এর মধ্যে একটি কনটেইনারে ২৪ হাজার ৩০০ কেজি এবং বাকি দুটি কনটেইনারে ২৭ হাজার কেজি করে মোট ৭৮ হাজার ৩০০ কেজি আদা রয়েছে।
এসব আদার মোট সংরক্ষিত মূল্য ৮৭ লাখ ৭ হাজার ৮৬১ টাকা ৫৫ পয়সা।
নিলামে অংশ নিতে নির্ধারিত সংরক্ষিত মূল্যের ৫% জামানত হিসেবে যেকোনো তফসিলি ব্যাংক থেকে কমিশনার, কাস্টম হাউস, চট্টগ্রাম বরাবর পে-অর্ডার, ব্যাংক ড্রাফট অথবা ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে।
