ঢাকা: আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। একের পর এক প্রায় প্রতিদিন ঘটছে নাশকতামূলক কর্মকাণ্ড।
এবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে হোটেলের ১ নম্বর গেটের সামনের রাস্তায় সন্ত্রাসীরা এই বিস্ফোরণ ঘটায়।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, ‘‘হাতিরঝিল থানার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ আহতের সংবাদ পাওয়া যায়নি।’’
তিনি বলেন, ‘‘রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে হাতিরঝিল থানার একাধিক টিম উপস্থিত রয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’
এত হাজার হাজার ঘটনা ঘটছে, অথচ শোনা যায় শুধু খতিয়ে দেখা হচ্ছে। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, শাস্তি দেয়া হয়েছে- সে খবর আর আমরা পাই না।
