ঢাকা: ভারতের ভিসা আবেদনকারীদের সুবিধার কথা চিন্তা করে এবার ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশ থেকে ভিসা আবেদনকারীদের ‘সুবিধার্থে’ এই ব্যবস্থা ভারতীয় হাইকমিশনের।
এর ফলে ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র পূরণ করতে আবেদনকারীদের সমস্যা কমবে। আর তাছাড়া ফরম পূরণ করতে এজেন্টের ওপর নির্ভরশীল হতে হবে না।
ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে আজ জানানো হয়, প্রায় তিন সপ্তাহ আগে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে সংশোধিত ফরমটি আপলোড করা হয়েছে।
নতুন কাঠামোয় ফরমের বিষয়বস্তু সহজবোধ্য করা হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য বুঝে নিয়ে পূরণ করতে পারেন।
ভারতীয় হাইকমিশনের এই উদ্যোগে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নথি জমা দেয়ার প্রক্রিয়ায় অভিন্নতা নিশ্চিত হবে।
এবং একইসঙ্গে ভিসা আবেদনপ্রক্রিয়াকে আরো সহজ, সুবিধাজনক ও আবেদনকারীবান্ধব করাও হচ্ছে এর লক্ষ্য।
