চট্টগ্রাম: চট্টগ্রামে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে একেবারে উল্টে যায়। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এবং দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০-১৫ জনের মতো।
আজ, শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়া বটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এই দুর্ঘটনাটি ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, তিশা পরিবহনের একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো।
বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে নিয়ে শিক্ষাসফরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
সাতকানিয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নির্ধারিত লেন অতিক্রম করে সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়।
তাতেই ঘটে করুণ ঘটনা।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতালসহ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সেখানেই চিকিৎসক সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) এবং সোহানা আফরোজ (৪৫) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
