ঢাকা: ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস না দেওয়ার সরকারি ঘোষণার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ’ (আরআরএজি)।

শেখ হাসিনার দেশে ফেরার অধিকার নিশ্চিত করতে সংস্থাটি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

আজ সোমবার (৯ নভেম্বর, ২০২৬) এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি এই তথ্য জানায়।

শেখ হাসিনা দেশে ফিরবেন, বিষয়টা খুব কফিন মনে হচ্ছে জামাত- বিএনপির কাছে। তাই ঘোলাটে হয়ে উঠছে আরো।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তৎকালীন অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করে দেয়।

পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলে এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।

এই পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক দাবি জানিয়েছে।

আর এই আইনি ও কূটনৈতিক জটিলতার মাঝেই শেখ হাসিনা সাধারণ বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করায় বিষয়টিতে নতুন মাত্রা যোগ হয়েছে।

উল্লেখযোগ্য যে, গত ৫ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘোষণা করেন যে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কোনো নিয়মিত পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না, বরং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দিল্লি থেকে ফিরিয়ে আনা হবে। এই ঘোষণার পরই শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন।

আন্তর্জাতিক আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আরআরএজি-এর পরিচালক সুহাস চাকমা বিবৃতিতে বলেছেন, “নিজের দেশে ফেরার অধিকার একটি মৌলিক মানবাধিকার, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের সংবিধানে স্বীকৃত। সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৩(২) অনুচ্ছেদ এবং বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত ‘ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ (আইসিসিপিআর)-এর ১৪(২) অনুচ্ছেদে এই অধিকারের গ্যারান্টি দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদেও স্পষ্টভাবে বলা হয়েছে যে, ‘প্রত্যেক নাগরিকের বাংলাদেশ ত্যাগ করিবার এবং বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার থাকিবে’।”

তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের একজন নাগরিক পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তিনি আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।

২০২১ সালের ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ের বরাত দিয়ে সুহাস চাকমা বলেন, আইনি ভিত্তি ছাড়া শুধু নির্বাহী আদেশে কোনো নাগরিকের চলাচলের স্বাধীনতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা অসাংবিধানিক। আর বাংলাদেশে এমন কোনো আইন নেই যা কোনো নাগরিকের নিজ দেশে প্রবেশ নিষিদ্ধ করে।

আরআরএজি-এর মতে, ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের একটি স্থানীয় আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তিনি যখন নিজেই দেশে ফিরতে চাচ্ছেন, তখন সরকার তাঁর ফেরা আটকাতে বিভিন্ন অজুহাত তৈরি করছে।

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কোনো ধারাতেই এমন বিধান নেই যা প্রত্যর্পণের অনুরোধপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিতে বাধা সৃষ্টি করে। বরং চুক্তির ২০ অনুচ্ছেদ অনুযায়ী, উভয় দেশই আইসিসিপিআর-এর ১৪(২) অনুচ্ছেদ মেনে চলতে বাধ্য।

সংস্থাটি বিষয়টিতে জোর দিয়ে বলেছে, কোনো ব্যক্তি নিজের দেশে ফিরতে চাইলে বা তাঁকে প্রত্যাবাসন করতে হলে স্বদেশের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম। কোনো দায়িত্বশীল দেশ নাগরিকত্ব যাচাই না করে কাউকে প্রবেশ করতে দেয় না।

বাংলাদেশ সরকার রাজনৈতিক কারণে সাবেক প্রধানমন্ত্রীর অধিকার খর্ব করতে অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে আরআরএজি দাবি করে।

প্রসঙ্গত উল্লেখ করা জরুরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এদিন বলেছেন, পলাতক শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। এ ছাড়াও, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন তিনি।

আজ, সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন,শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “তিনি আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে তাদের নৈতিক অবস্থান কোথায়”?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *