ঢাকা: এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশীর্বাদ নাকি অভিশাপ? আশীর্বাদ তো বটেই। কত কঠিন কাজ আজকাল সহজ করে দিচ্ছে এআই! পড়াশোনা থেকে শুরু করে চাকরির বাজার সবকিছুই সহজ করেছে এআই।
প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির কথা আমরা প্রতিনিয়ত শুনছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ঘিরে চলছে একের পর এক সাফল্যের গল্প।
কিন্তু আরেকটা দিকও তো আছে! যেটা অভিশাপ। একটা নয়, বহু। যা নিয়ে এখন চিন্তাচর্চা চলছে।
এই প্রযুক্তির চাকচিক্যময় প্রচারণার আড়ালে যে ভয়াবহ পরিবেশগত সংকট ধীরে ধীরে তৈরি হচ্ছে, তা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না।
এছাড়াও এই প্রযুক্তি আমাদের বুদ্ধিনাশ করছে, এটাও সত্য।
বিশ্বজুড়ে প্রতিনিয়ত গড়ে উঠছে বিশাল বিশাল এআই ডাটা সেন্টার। এসব পরিচালনা করতে প্রয়োজন হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ, দিনরাত চালু রাখা হচ্ছে হাজার হাজার উচ্চক্ষমতাসম্পন্ন সার্ভার ও জিপিইউ সেগুলোকে ঠান্ডা করতে আবার ব্যবহার হচ্ছে বিপুল পরিমাণ পানি। ফলে একদিকে বাড়ছে বিদ্যুতের চাহিদা, অন্যদিকে চাপ তৈরি হচ্ছে প্রাকৃতিক পানির উৎসগুলোর ওপর।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আবারো উদ্বেগ প্রকাশ করেছেন লেখক তসলিমা নাসরিন। অর্থাৎ এআইয়ের দাপটে নিজের সৃজনশীলতা চ্যালেঞ্জের মুখে পড়ছে।
তিনি মূলত উদ্বেগ প্রকাশ করেছেন যে, এআই মানুষের সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে।
ফেসবুকে লিখেছেন: “এখন যেদিকে তাকাই, এআই।ছবি, ভিডিও, আর্ট, লেখালেখি, মিউজিক —সবখানে এআই। গল্প, প্রবন্ধও এআই লিখছে। যারা লেখক নয়, তারা এক তুড়িতে লেখক হয়ে যাচ্ছে। যারা লেখক, তাদের নিজের লেখা নিয়েই সন্দেহ বাড়ছে।
তারা আবার এআই দ্বারা প্রভাবিত নয় তো!
ভয় হয়, মানুষের সৃজনশীলতা কমতে কমতে একদিন শূন্যে গিয়ে ঠেকবে।
নিজে ভাবার, শব্দ খোঁজার, একটা বাক্য লিখে পছন্দ না হলে দশবার কাটার ধৈর্য আর থাকবে কার? কয়েক সেকেন্ডেই যদি আস্ত একটা লেখা পাওয়া যায়, কে আর ঘণ্টার পর ঘণ্টা সাদা পাতার সামনে বসে থাকবে”!
তিনি লেখেন, “অফিস, আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল — সবখানেই এআই। মনে হচ্ছে, মানুষকে এবার ছুটি দিয়ে দেওয়ার আয়োজন চলছে। এখন আমাদেরও নিজেদের লেখালেখি ছেড়ে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়তে হবে।
এআই লিখুক, এআই গান করুক, এআই ভিডিও বানাক, এআই ডাক্তারি করুক, প্রশাসন চালাক, রাষ্ট্র সামলাক, আমরা সমুদ্র দেখি, পাহাড় দেখি, অচেনা শহরের রাস্তায় হাঁটি। বেঁচে থাকার কাজটুকু অন্তত নিজেরা করি”।
তারপর তিনি নিজের লেখার কথা বলেন। “ভালোই হয়েছে, এআইয়ের জন্মের আগেই পঞ্চাশের বেশি বই লিখে ফেলেছি। ওগুলো যে আমার লেখা, তার সাক্ষী অন্তত সময়”।
