ঢাকা: তহবিল সংকট এবং প্রধান স্পন্সরের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বাংলাদেশে ভারতীয় জনপ্রিয় পপ সঙ্গীতশিল্পী লাকি আলীর নির্ধারিত দুটি কনসার্ট বাতিল হয়ে গেছে।
আগামি ১২ ও ১৩ নভেম্বর যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকায় এই কনসার্টগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এই আকস্মিক ঘোষণায় ভক্তদের মাঝে চরম হতাশা নেমে এসেছে।
এখানে আরো একটি বিষয় উল্লেখ করতে হয়, বাংলাদেশ জুড়ে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতা ও বিক্ষোভের মাঝেই এই কনসার্ট বাতিলের ঘোষণা এলো।
সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, বোমা, হত্যা, এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো ঘটনাগুলো দেশজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে আয়োজকরা কনসার্ট বাতিলের পেছনে চলমান এই অস্থিরতাকে সরাসরি দায়ী করেননি অবশ্য।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামিকাল ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লুতে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি এভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে মঞ্চে উঠার কথা ছিলো লাকি আলীর।
এই কনসার্টগুলোতে লাকি আলীর পাশাপাশি দেশের বেশ কয়েকটি ব্যান্ডেরও মঞ্চ মাতানোর কথা ছিল।
আয়োজক প্রতিষ্ঠান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অনুষ্ঠান দুটি আয়োজনে নিজেদের অপারগতার কথা জানিয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, রাজধানীর শ্যামলীতে অবস্থিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ঢাকা ব্রডকাস্ট’ ১০ নভেম্বর মন্ত্রণালয়ে চিঠি দিয়ে কনসার্টটি স্থগিত বা বাতিল করার কথা জানায়। তবে ওই চিঠিতে বাতিলের সুনির্দিষ্ট কোনো বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।
কনসার্ট বাতিলের নেপথ্যে ১ কোটি ২৫ লাখ টাকার অগ্রিম ও স্পন্সর জটিলতা:
সূত্রে জানা গেছে, মূলত ‘অর্থসংকট’ বা ফান্ডিং না পাওয়াই কনসার্ট বাতিলের প্রধান কারণ। ঢাকা-ভিত্তিক প্রতিষ্ঠান ‘ইকিউব এন্টারটেইনমেন্ট’-এর ব্যবস্থাপনা পরিচালক পারসা রাখসান্দ দ্রোহী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে চট্টগ্রামের র্যাডিসন ব্লু এবং ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে অনুষ্ঠেয় এই শোগুলো আয়োজনে অপারগতা প্রকাশ করেন।
জনপ্রিয় সংবাদমাধ্যমকে পারসা রাখসান্দ দ্রোহী জানান, “লাকি আলীর দল চট্টগ্রাম ও ঢাকার দুটি শো অনুষ্ঠিত হওয়ার আগেই সম্পূর্ণ সম্মানী বাবদ ১ কোটি ২৫ লাখ টাকা অগ্রিম চেয়েছিল, যা অনুষ্ঠান শুরুর আগে জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।”
এর পেছনে আরও অনেক কারণ রয়েছে বলেও কিন্তু তিনি উল্লেখ করেছেন।
জানতে পারা গেছে, একটি প্রধান স্পন্সর প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্টকে ১ কোটি ৫০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষ মুহূর্তে সেটা আর রক্ষা করেনি।
আর এর ফলে শিল্পীকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি।
এদিকে, লাকি আলীর ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে যে, ঢাকার আয়োজক প্রতিষ্ঠানটি শুরুতে দেওয়া তাদের প্রতিশ্রুতি, বিশেষ করে আর্থিক লেনদেনের শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে।
ভক্তরা তো ইতিমধ্যে টিকিট ক্রয় করে ফেলেছিলেন। পারসা রাখসান্দ দ্রোহী জানান, কনসার্টের কয়েকশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছিল।
তবে বাতিলের সিদ্ধান্তের পরপরই
খুব দ্রুত সময়ের মধ্যে বৈধ টিকিট ক্রেতাদের অর্থ ফেরত (রিফান্ড) দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এর আগে ঢাকার কনসার্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে তথা ১২,০০০ টাকা, ৭,০০০ টাকা এবং ৪,০০০ টাকায় বিক্রি করা হয়েছিল। জেনারেল, প্রিমিয়াম ও ভিআইপি শ্রেণির টিকিটের দাম যথাক্রমে ৪ হাজার, ৭ হাজার ও ১২ হাজার টাকা।
উল্লেখযোগ্য যে, প্রথম অবস্থায় শুধুমাত্র ঢাকায় একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সূচিতে চট্টগ্রামকে যুক্ত করা হয়েছিল।
এই আকস্মিক বাতিলের খবরে বাংলাদেশের সংগীতপ্রেমী ও লাকি আলীর ভক্তদের মাঝে চরম হতাশা নেমে এসেছে।
