ঢাকা: আগামি মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সরকার স্রেফ স্ট্যাণ্ডবাজি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। যেন চাপ না পড়ে তাদের ওপর জনগণের, সে কারণেও হতে পারে।

তবে বিষয়টাকে ‘রাজনৈতিক ধাপ্পাবাজি’ হিসেবে উড়িয়ে দেওয়ার আগে তাঁকে ‘ট্রাভেল পাস’ ইস্যু করার জন্য বাংলাদেশের বর্তমান প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের শেষ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাফাত বলেন, “তাঁদের যদি সাহস থাকে, তবে আগে ট্রাভেল পাস ইস্যু করুক এবং তারপর বলুক—‘আমরা আপনার ট্রাভেল পাস দিয়েছি, তবুও আপনি আসছেন না’। আগে তাঁদের সেটি ইস্যু করতে দিন। তারপর দেখা যাবে এটি ধাপ্পাবাজি কি না। বিষয়টি একদম সহজ!”

শেখ হাসিনার বিষয় নিয়ে ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন তিনি।

আরাফাত জানান, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও শেখ হাসিনা দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর অভিযোগ, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পথ সুগম না করে সরকার বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, “তাঁরা মূলত প্রত্যর্পণ চুক্তির আড়ালে লুকানোর চেষ্টা করছেন।”

বলেন, “কিছু ফটকাবাজ দালাল আরেকটি কুতর্ক হাজির করেছে বাজারে। আমাদের আমলে তারেককে নাকি পাসপোর্ট দেওয়া হয়নি।

প্রথম প্রশ্ন হলো, আমাদের সময় কি তারেকের পাসপোর্ট বাতিল করা হয়েছিল?
না, আমাদের আমলে তারেকের পাসপোর্ট বাতিল করা হয়নি। তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর নবায়ন করা হয়নি।

এখন প্রশ্ন হলো, তারেক তার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরল না কেন? একজন পলাতক আসামির পাসপোর্ট নবায়ন করার কথা নয়।

সবচেয়ে বড় কথা, তারেক কি কখনো দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়েছিল? দেশে ফেরার জন্য সে পাসপোর্ট বা ট্রাভেল পাস চাইলে অবশ্যই তাকে তা দেওয়া হতো। পাসপোর্ট না দিলেও ট্রাভেল পাস তো দেওয়া হতোই।

শেখ হাসিনার পাসপোর্ট তারা বাতিল করল কেন? পাসপোর্ট বাতিল না করলে তো এই সমস্যাই হতো না।

ফটকাবাজ দালালদের বলছি, এখনো সময় আছে, সত্যটা মেনে নে। শেখ হাসিনাকে তোরা ভয় পাস। কারণ, শেখ হাসিনাকে দেশের মানুষ ভালোবাসে। তোরা শেখ হাসিনাকে দেশে আসতে দিতে চাস না, এটাই বাস্তবতা।

তোদের নেতা ১৭ বছরে একবারের জন্যও দেশে আসার কথা বলেনি। আর শেখ হাসিনাকে ষড়যন্ত্রের কারণে দেশ ছাড়তে হলেও দেড় বছরের মাথায় তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং এখন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। এখানেই পার্থক্যটা। দেশের মানুষ এসব বোঝে”।

বলেন, শেখ হাসিনা একটি পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস চান। তাঁর প্রকৃত ইচ্ছা ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। তাঁর উদ্দেশ্য হলো তিনি বাংলাদেশে ফিরে আসতে চান এবং আদালতের মুখোমুখি হতে চান। বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
এখন সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে হবে।

আর তা বাস্তবায়ন করতে হলে তাঁর সামনে বিকল্প পথ থাকা প্রয়োজন। তাঁর আগের পাসপোর্টটি বাতিল করার কারণে সেটি আর কার্যকর নেই। তাই দেশে ফিরতে হলে তাঁর একটি ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন, ঠিক কি না?

সুতরাং, প্রথমে তিনি একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে তাঁর আগ্রহ বা ইচ্ছার কথা জানিয়েছেন। এখন সেই ইচ্ছাটি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়াতে ঢুকেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *