ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত হয়ে গেলো! হঠাৎ করেই এলো খবরটি।
আগামি ১৭ এবং ১৮ নভেম্বর ঢাকায় ওই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বর্তমানে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। শেখ হাসিনা ফিরতে চাইছেন কিন্তু বাংলাদেশ চায় প্রত্যর্পণ। আর এর মাঝেই আচমকা স্থগিতের খবর।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। এর প্রভাবেই নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানা যায়।
পঞ্চম দফার এ সংলাপ ঢাকায় আয়োজনের বিষয়ে দুই দেশ সম্মত হয়েছিল।
বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও দেশে ফেরানো এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।
এর আগে ২০২৪ সালের ২৯ মে নয়াদিল্লিতে চতুর্থ দফার দ্বিপাক্ষিক কনস্যুলার বৈঠক হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।
