গত ১৯ অক্টোবর লিখেছিলাম –“সব জঙ্গীবাদের নাটের গুরু জামায়াতে ইসলামী, অসাম্প্রদায়িক লালন-বাঙ্গালি সংস্কৃতি-মুক্তিযুদ্ধের আদর্শকে বড় ভয়! – এই শিরোনামে। সে লেখায় আরো বলা চেষ্টা করেছি- “অন্ধকারের অপশক্তি সবসময়েই সক্রিয়। যে যাই কিছু বলুক না কেন সব জঙ্গীবাদের নাটের গুরু কিন্তু একাত্তরের পরাজিত পাকিস্তানী প্রেতাত্মার দল জামায়াতে ইসলামী।”

আমার এতদিনের যে জানাবোঝা ও অভিজ্ঞতা ও নানা ঘটনাবলীর পরাপম্পরায় তা বলেছি। সেসবতো আছেই।

এর পাশাপাশি এখন বলতে হয় বিএনপিও কিন্তু কোন আধুনিক দল নয়। তারাও সেই অন্ধত্ব-ধর্মান্ধতা-বাঙ্গালি সংস্কৃতি বিরোধিতাকে পুঁজি করেই রাজনীতিতে টিকে থাকতে চাইছে।

কারণ বাঙ্গালি মুসলিম মানস এই সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে পারেনি, বরং সেটিকে পূঁজি করেই যেন তাদের রাজনীতি চলছে। এর বাইরে বের হওয়ার কোন সুযোগই বোধ হয় নেই তাদের।

বা তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ থেকে বের হলে তাদের ধর্মীয় রাজনৈতিক বাণিজ্যটি বন্ধ হয়ে পড়বে।

অপরদিকে আমরা দেখেছি ২০২৬ এর ১২ জানুয়ারি ত্রয়োদশ ইলেকশনের আগে ২০২৫ সালে জামায়াত-শিবির ও তাদের সাংস্কৃতিক সংগঠনও হিন্দুদের দুর্গাপুজা মন্ডপে গিয়ে গান গেয়ে এসেছে মহাসমারোহে।

কিন্তু সেটি ২০২৬ এর দুর্গাপূজায় একেবারেই অনুপস্থিত ছিল। কারণ ভোটতো শেষ। এখন আর হিন্দুদের দরকার নেই, এমনকি মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বলারও দরকার নেই ওই মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক দলটির।

কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি আওয়ামীলীগ-বিএনপিসহ অন্য কিছু লিবারেল রাজনৈতিক দল যাদেরকে বলি আরকি আমরা তাদের নেতারা পূজায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানে অনুষ্ঠানে গানও গেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে দেখলাম চট্টগ্রাম শহরের একটি আসনের সাংসদ সাইদ আল নোমান পূজার অনুষ্ঠানে বেশ অননন্দঘন পরিবেশে গড়ান গেয়েছেন। তিনি অবশ্য বিএনপির সাবেক জনপ্রিয় মন্ত্রী ও জননেতা আবদুল্লাহ আল নোমানের পুত্র। এবার শ্যামাপূজাতেও দেখলাম কোন এক জেলায় বিএনপির এক নেতা রীতিমতো শ্যামাসঙ্গীত গাইছেন! তা বেশ ভালো।

আমরাতো এমন একটি বন্ধুত্বের-সম্প্রীতির বাংলাদেশই চেয়েছিলাম। যেখানে সবাই মিলেমিশে একে অপরের সুখে দুখে থেকে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। কিন্তু গত চব্বিশের জুলাই-আগষ্টে ওই ‘ইসলামী জঙ্গী-সেনা ক্যু’ সবকিছু শেষ করে দিলো। তখনকার কথিত বৈষম্যরোধী ছাত্র আন্দোলন ছিল মূলত গুপ্ত সাম্প্রদায়িক অপশক্তির একটি মুখোশ মাত্র।

সেই থেকে যে তারা নানা অপকৌশলে এ দেশের সাধারণ ছাত্র-ছাত্রী ও নাগরিকদের চরম বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। সমাজে তৈরী করেছে প্রচন্ড বিভাজন। সেই বিভাজন-অবিশ্বাস এখন আরো দিন দিন বেড়েই চলেছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার (৯ নভেম্বর’২০২৬) রাতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সাংস্কৃতিক সন্ধ্যার’ আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

জনপ্রতিনিধির কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়া নয়; বরং সব শ্রেণি-পেশা ও মতের মানুষের অধিকার রক্ষা করা।

একাত্তরের ঘাতকগোষ্ঠীর সুপরিকল্পিত ষড়যন্ত্রে ধর্মের নামে লোকগীতি বাউল গান সহ গণমানুষের ভালবাসার সংস্কৃতি দমন পীড়নের ভয়াবহ অন্ধকার সময়ের মুখে সারা দেশ জাতি। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এর বিরুদ্ধে এলাকার সাধারণ জনগণের ক্ষোভ ও তীব্র নিন্দা ছড়িয়ে পড়েছে।

রোববার দুপুরে হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে গ্রাম্য গানবাজনা বন্ধ করে ওয়াজ আর ওরশের নির্দেশ দেন। সংসদের হবিগঞ্জ–৩ আসন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

হবিগঞ্জে বাউল গান ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ওরস, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে অশ্লীলতা ছড়ানো বলে দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের বিষয়ে সংসদ সদস্যের বক্তব্যের ভিডিও রোববার রাতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম নিন্দা জানিয়ে হুইপের নিন্দনীয় বক্তব্য প্রচার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঘরে অনেকেএকজন জনপ্রতিনিধি হয়ে এ ধরণের জনবিরোধী এবং নিন্দনীয় নির্দেশ ও ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের মতামত জানান।

অনেকেই বলছেন- জনপ্রতিনিধির কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়া নয়; বরং সব শ্রেণি-পেশা ও মতের মানুষের অধিকার রক্ষা করা- ওয়াজ মাহফিল হোক, গ্রাম্য গান হোক কিংবা অন্য কোনো সাংস্কৃতিক আয়োজন—মানুষের শান্তিপূর্ণভাবে নিজের পছন্দের অনুষ্ঠান করার স্বাধীনতা থাকা উচিত। কেউ ওয়াজ শুনতে চাইলে শুনবেন, কেউ গ্রাম্য গান উপভোগ করতে চাইলে তা উপভোগ করবেন।

ধর্ম পালন যেমন ব্যক্তিগত স্বাধীনতা, তেমনি ধর্ম পালন না করা এবং নিজস্ব সংস্কৃতি চর্চা করাও ব্যক্তিস্বাধীনতার অংশ। রাষ্ট্র বা জনপ্রতিনিধির কাছে সবার অধিকার সমান হওয়া উচিত- এটি অঅমাদের রাজনীতিবিদ-প্রশাসনের লোকেরা ভুলে যান।

শায়েস্তাগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে এ নিয়ে। তারা বিএনপির ওই নেতাকে উদ্দেশ্য করে বলছেন- যাঁরা গান পছন্দ করেন, তাঁরাও আপনাকে ভোট দিয়েছেন। গান পছন্দ করে না কীভাবে বুঝলেন?

একটি আয়োজনকে উৎসাহিত করে অন্য একটি আয়োজন নিষিদ্ধ করার মানসিকতা সাংস্কৃতিক সহনশীলতার পরিচয় নয় বলেও মন্তব্য করেন তারা । জনপ্রতিনিধির দায়িত্ব মানুষের পছন্দ নির্ধারণ করা নয়, বরং সবার স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা।
জামিল আহমেদ নামে একজন বললেন- ‘এমপি সাহেব, আপনি কী করে বুঝলেন হবিগঞ্জের মানুষ গান ভালোবাসে না? আপনাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা গান ভালোবাসেন।’

বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মূলে রয়েছে এর লোকায়ত ও অসাম্প্রদায়িক সংস্কৃতি। বাউল, লালন, জারি, সারি, ভাওয়াইয়া কিংবা পালাগান কেবল নিছক বিনোদন নয়; বরং এগুলো এ দেশের মাটির দর্শন, মানবতাবাদ এবং আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

কিন্তু শায়েস্তাগঞ্জে প্রশাসনিক হস্তক্ষেপে বাউল গানের আসর বন্ধ করে দেওয়ার ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গন তো বটেই কিছু সাধারন নাগরিক সমাজেও চরম উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। সেই সাথে রাজনৈতিক দল ও নেতাদের অবস্থান ও মানসিক দৈন্যতা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। সেটাই স্বাভাবিক।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় গ্রামীণ গান-বাজনার আসর বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ ( একপ্রকার আদেশ) জানানোর পর শায়েস্তাগঞ্জে পুলিশ একটি বাউল গানের আসর বন্ধ করে দেয়।

এখানে মৌলিক প্রশ্ন হলো—জনপ্রতিনিধি বা প্রশাসন কি এভাবে কোনো সাংস্কৃতিক আয়োজন ঢালাওভাবে বন্ধ করার নির্দেশ দিতে পারেন?

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার রয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন কোনো নির্দিষ্ট অনুষ্ঠানের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে, “এলাকার মানুষ পছন্দ করে না”—এমন ব্যক্তিগত বা গোষ্ঠীগত ধারণার ভিত্তিতে কোনো অঞ্চলের আবহমান সাংস্কৃতিক চর্চাকে ঢালাওভাবে নিষিদ্ধ করার আইনি এখতিয়ার কোনো সংসদ সদস্য বা হুইপের নেই। হুইপের মূল কাজ সংসদের ভেতরে দলীয় শৃঙ্খলা রক্ষা করা, স্থানীয় প্রশাসনের মাধ্যমে নাগরিকদের সাংস্কৃতিক অধিকার সংকুচিত করা নয়।

স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠীগুলোর ভোটব্যাংক ও প্রভাবকে কাজে লাগানোর একটি প্রবণতা লক্ষ্য করা যায়। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সমাজের একটি অংশের মধ্যে উগ্রতা ও অসহিষ্ণুতার প্রকাশ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে অনেক বিশ্লেষক ও সাংস্কৃতিক কর্মী মনে করেন।

মাজার ভাঙা, বাউলদের ওপর হামলা কিংবা পালাগান বন্ধের মতো ঘটনাগুলো এই অসহিষ্ণুতারই বহিঃপ্রকাশ।

এই পরিস্থিতিতে যেসব রাজনৈতিক দল নিজেদের গণতান্ত্রিক, মধ্যপন্থী ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক বলে দাবি করে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। রাজনৈতিক সুবিধা বা রক্ষণশীল গোষ্ঠীকে তুষ্ট করার কৌশলের অংশ হিসেবে যদি মূলধারার রাজনৈতিক নেতারা নিজেরাই লোকসংস্কৃতি দমনের পথে হাঁটেন, তবে তা তাদের ঘোষিত আদর্শের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ ( যদিও তাদের নিয়েও বেশ সমালোচনা আছে ‘লালবদর’ হিসেবে) বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন হবিগঞ্জের এই ঘটনাকে সুস্থ সংস্কৃতিচর্চার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের রাষ্ট্রীয় অনুমোদন হিসেবে আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এই বাংলার সংস্কৃতি কখনোই একরৈখিক ছিল না। এখানে যেমন মসজিদের আজান ও ওয়াজ-মাহফিলের ঐতিহ্য রয়েছে, তেমনি পাশাপাশি চলেছে বাউলের একতারা, লালনের মানবধর্ম, রবীন্দ্রনাথের সর্বজনীনতা এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও আলী আকবর খাঁর সুরের সাধনা।

একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজে ধর্মীয় অনুষ্ঠান ও লোকজ সাংস্কৃতিক আয়োজন—উভয়ই সহাবস্থান করতে পারে। কোনো একটিকে দমন করে অন্যটিকে প্রতিষ্ঠা করার চেষ্টা সমাজে বিভাজন ও অন্ধত্ববাদকেই কেবল উসকে দেয়।

কিন্তু সেই বাংলাদেশে বার বার ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী ও তাদের দোসররা বার বার হামলা করেছে বাঙ্গালী সংস্কৃতির ওপর। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ওপর।এটি সেই পাকিস্তান আমল থেকেই চলে আসছে। কিন্তু তখনও এর প্রতিবাদে ঘুরে দাঁড়িয়েছিল বাঙ্গালী।

তবে গত ২০২৪ এর আগষ্টের পর থেকে সেই চিত্র খুবই কম দেখতে পেয়েছি আমরা। কারণ যেসব সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এর প্রতিবাদের রুখে দাঁড়াদেন তাদের অনেকে হয় জেলে না হয় অন্তরালে। আর অনেকে সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনতো সেই কথিত ‘জুলাই অভ্যুত্থান’ এর সহযোগী হিসেবে আমেরিকান ডিপষ্টেটের ডলার ঢুকিয়েছে পকেটে। বিকিয়ে দিয়েছে নিজস্ব স্বাধীনতা।

বিক্রি করেছে দেশকে। তো এই যদি হয় অবস্থা তখন এই বিএনপি নেতা হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এর লোকেরা এমন আস্ফালন করবেই।

সাংস্কৃতিক সংগঠন ও অনুষ্ঠানে বাঁধা দেয়া, সঙ্কুচিত করা, জঙ্গী হামলা কিন্তু বিগত আওয়ামীলীগ সরকারের সময়েও হয়েছে। এটি অস্বীকার করার কোন উপায় নেই। সাবেক প্রধানমন্ত্রী জনগণের ট্যাক্সের টাকায় সারাদেশে শীতাতপ নিয়ন্ত্রিত মডেল মসজিদ করেছেন।

আর সেখানে সব সাম্প্রদায়িকতার চাষাবাদ হচ্ছে। তিনি মনে করেছিলেন, এসব মসজিদ তৈরী করলে , কওমী মাদ্রাসার শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের সমমানের ও সরকারি স্বীকৃতি দিলে ইলেকশনের ভোটবাক্সে আওয়ামীলীগকে ভোট দেবে?

আওয়ামীলীগের বিপদে-আপদে দাঁড়াবে ? এজন্য তিনি ‘কওমী মাতা’ উপাধি নিতেও কসুর করেননি। কিন্তু তাতো তিনি দেখতেই পেলেন গত চব্বিশের সময়।

ভোটবাক্সে তো দূরের কথা এসব মুসলমানরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা এমনকি আওয়ামীরীগকেও হিন্দুদের দল মনে করে। ইসলামবিরোধী মনে করে।

কিন্তু আসলে আওয়ামীলীগ ও এই দলটির নেতারাও যে কতটা সাম্প্রদায়িক তা কুমিল্লার এক বাহার এমপিকে দেখেই তো বোঝা যায়। অন্য উদাহরণ আর নাই বা দিলাম এখন।

রাষ্ট্র ও জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো আইন-শৃঙ্খলা রক্ষার নামে সংস্কৃতিকে অবরুদ্ধ করা নয়, বরং সকল নাগরিকের সাংস্কৃতিক চর্চার নিরাপত্তা নিশ্চিত করা। রাজনৈতিক সুবিধাবাদের কাছে যদি মাটির গান ও লোকঐতিহ্য জিম্মি হয়ে পড়ে, তবে তা কেবল একটি অঞ্চলের নয়, বরং পুরো জাতির মননশীলতা ও অসাম্প্রদায়িক চেতনার জন্যই অশনিসংকেত হয়ে থাকবে।

যে বাউল-লালন-জারি-সারি-ভাওয়াইয়া এ বাংলার মাটির সংস্কৃতি সেখানেও একটি অন্ধত্ববাদী গোঁড়া গোষ্ঠী তা বন্ধ করার হুমকি দিচ্ছে! বিশ্বকবি রবি ঠাকুর, লালনকে, ওস্তাদ আলী আকবর খাঁকে এরা বিলুপ্ত করতে চায় ।

গত ২০২৪ এর আগষ্টের পর থেকেই এসব ধর্মান্ধ সংকীর্ণ মানসিকতার আস্ফালন আরো বেড়েছে। জামায়াত-হেফাজত-চরমোনাই-শরশিনার পীরদের উগ্রতা দিন দিন বেড়েই চলেছে। বিএনপি নিজেকে মডারেট গণতান্ত্রিক দল ও মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করলেও কাজে তার ঠিক উল্টোটা করছে। আবহমান বাঙ্গালীর সংস্কৃতিকে টিকিয়ে রাখা দায় হয় পড়েছে।

তো এখন বাঙ্গালীকেই ঠিক করতে হবে তারা কি করতে চায়। এরা কি মধ্যযুগীয় মরুভূমির দেশের পরিস্থিতিকে আঁকড়ে ধরতে চায় নাকি বাঙ্গালীর আবহমান সংস্কৃতিকে রক্ষা করে স্বকীয়তা বজায় রাখতে চায়? এর সবই এখন কোটি টাকার প্রশ্ন।

# নুরুল ইসলাম আনসারি: লেখক, প্রাবন্ধিক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *