ঢাকা: আজ ১৪ থেকে আগামি ১৯ নভেম্বর পর্যন্ত দেশ-বিদেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

৮ দফা দাবি আদায়ে ১৯ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা।

দেশ বাঁচাতে ও মানুষ বাঁচাতে ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশ-বিদেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করে।

ঘোষিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে:

১/ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল,

২/ কথিত সাজানো রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার,

৩/ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার,

৪/ সব রাজবন্দির মুক্তি,

৫/ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ,

৬/ বন্ধ শিল্পকারখানা চালু,

৭/ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং

৮/ শিক্ষার্থীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
আজ তথা ১৪ নভেম্বর (শনিবার):

সারাদেশে ৮ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ পরিচালনা করা হবে।

১৫ নভেম্বর (রবিবার):

দলের সব সাংগঠনিক ইউনিটে ৮ দফা দাবির সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর (সোমবার):

দেশের সব জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। একই দিনে কেন্দ্রীয়ভাবে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে স্মারকলিপি পেশের কর্মসূচি রয়েছে। পাশাপাশি প্রবাসী শাখাগুলোর উদ্যোগে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে।

১৭ নভেম্বর (মঙ্গলবার):

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদ এবং ওই রায় ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে দলটি। এদিন কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও নির্ধারিত স্থানে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার):

৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন চলাকালে যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কর্মসূচি রয়েছে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদমাধ্যম, হাসপাতাল ও ওষুধের দোকান জরুরি সেবার আওতায় থাকায় এগুলো লকডাউনের বাইরে থাকবে।

এসব জরুরি সেবার নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ঘোষিত কর্মসূচি সফল করতে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট এবং প্রবাসী শাখাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির শেষে ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *