ঢাকা: ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন তা কী এই সরকারের আদৌ জ্ঞান আছে? জানা আছে? আর জানা থাকলেও কী? তিনি তো হিন্দু, তাই তাঁর কোনোকিছু জবরদখল না করলে কী তাদের ইসলাম থাকবে?
বাংলাদেশের গোড়াপত্তন যে-ভাষা আন্দোলনে, তার গোড়ায় ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। যে-রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রতিষ্ঠা, তার সূচনায় তাঁর আত্মাহুতি। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে তাঁর নামটি তাই অবিচ্ছেদ্যভাবে জড়িত।
ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক বাড়িটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে গণ্য করে এবং মালিকের অনুমতি ছাড়া সেটি পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য দল গঠনের অফিস আদেশ প্রত্যাহার বা বাতিল করার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এই জবরদখলের সাহস কোথা থেকে আসে?
ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য অ্যারোমা দত্তের পক্ষে সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সংশ্লিষ্ট পাঁচটি সরকারি দপ্তরে এই নোটিশ পাঠান।
নোটিশে আগামি ২৪ ঘণ্টার মধ্যে গত ৯ নভেম্বর জারি করা ওই অফিস আদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। আর তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং কুমিল্লার পুলিশ সুপার বরাবর রেজিস্টার্ড ডাকের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, কুমিল্লা আদর্শ সদর থানার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমিটি মূলত শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর অবিবাহিত ছেলে দিলীপ দত্তকে হত্যা করলে তাঁর আরেক ছেলে সঞ্জীব দত্ত সম্পত্তিটির উত্তরাধিকারী হন।
১৯৯২ সালে সঞ্জীব দত্তের মৃত্যুর পর তাঁর দুই সন্তান অ্যারোমা দত্ত এবং রাহুল দত্তের নামে বিএস রেকর্ডভুক্ত হয়।
চলতি বছরের ১৩ মে রাহুল দত্ত মারা যান। তারপর একমাত্র জীবিত উত্তরাধিকারী হিসেবে অ্যারোমা দত্ত সম্পত্তিটি নিজের নামে নামজারি করেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর ও সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছেন।
এখানে কোনো শয়তানি নেই। কিন্তু এই বাড়িটা জবরদখলের পুরো অপচেষ্টা চালানো হচ্ছে।
সম্পত্তিটি কখনোই পরিত্যক্ত ছিল না বা সরকারের পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্তও হয়নি।
নোটিশে আরও বলা হয়েছে, গত ১৪ জুন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অ্যারোমা দত্তের পৈতৃক বাড়িসহ কয়েকটি স্থাপনাকে ঐতিহ্যবাহী স্থান (হেরিটেজ সাইট) হিসেবে ঘোষণা ও অর্থ বরাদ্দের প্রস্তাব দেন।
এই বিষয়টি জানতে পেরে অ্যারোমা দত্ত গত ২৮ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীকে চিঠি দিয়ে ব্যক্তিগত এই সম্পত্তিটিকে হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত না করার অনুরোধ জানান, যার কোনো উত্তর তিনি পাননি।
মানে যখন যা ইচ্ছে হলো, এই সরকার করছে। কারো বাড়ি জবরদখলের ইচ্ছে হলো, করে নিচ্ছে।
তারপরগত ১১ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের মাধ্যমে অ্যারোমা দত্ত জানতে পারেন যে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ৯ নভেম্বর একটি অফিস আদেশ জারি করেছেন।
ওই আদেশে তার ব্যক্তিগত বাড়িটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে উল্লেখ করে পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য একটি দল গঠন করা হয়েছে।
নোটিশে এই বিষয়ে বলা হয়, কোনো পূর্বানুমতি বা নোটিশ ছাড়াই ব্যক্তিগত সম্পত্তিকে পরিত্যক্ত দেখিয়ে জরিপের আদেশ দেওয়া স্বাভাবিক ন্যায়বিচারের নীতি এবং বাংলাদেশের সংবিধানের ৪২ অনুচ্ছেদে প্রদত্ত নাগরিকের সম্পত্তির মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাড়ি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক।
একই সঙ্গে বাড়িটি সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড লাগিয়ে একটি বিশেষ মহল জবরদখলের চেষ্টা করছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত এ খবর তাদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।
