ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে নূপুর নামের এক নারী পোশাক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুব সম্ভবত তিনি শ্রমিকদের আন্দোলনে গিয়েছিলেন বলেই তাঁকে ক্ষোভে হত্যা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নূপুর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
