ঢাকা: শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন দেশে, এই সম্ভাবনা দিন দিন জোরালো হয়ে উঠেছে।
ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিএনপি সরকারকে এবার আইনি নোটিস পাঠানো হয়েছে।
রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো, আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিসে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এই নোটিস পাঠিয়েছেন।
নোটিসে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নয়া দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে বিবাদী করা হয়েছে।
নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার পাশাপাশি তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
নোটিশদাতা তাঁর নোটিশে জানান, এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই।
সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে নোটিশটি পাঠিয়েছেন।
নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিসে।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব প্রস্তাব দিয়েছেন।
আইনজীবী মাহমুদ হাসান সংবাদমাধ্যমে বলেন, “নোটিসে ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তা না হলে প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে।”
