ঢাকা: ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এমন অবস্থায় এই জেলাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আকভান নিয়ে এখন আশঙ্কা দেখা দিচ্ছে।
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভারতের উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়বে।
শক্তি কিছু কমিয়ে ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে রয়েছে।
আকভানের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিও হচ্ছে।
এদিকে দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা আছে।
