গোপালগঞ্জ: উত্তপ্ত গোপালগঞ্জ। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল। এই অবস্থায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের বাড়ি ফেরার সুবিধার জন্য খুলনা ও ভাটিয়াপাড়াগামী বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।
আগামি ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।
একই সভার সিদ্ধান্তের আলোকে জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
